
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা গঠনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া, ইভটিজিং, চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আত্রাইকে একটি নিরাপদ ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সভায় বক্তব্য দেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :