বিশ্ব মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি ও আলোচনা সভা


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
বিশ্ব মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শহর ছাত্রশিবিরের উদ্যোগে শনিবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউজ মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল মামুন, অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশ নেন।

সভায় প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াবহতা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, যা পরিবারে অশান্তি ও সামাজিক অপরাধ বৃদ্ধি করছে। তিনি তরুণদের মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তরুণদের মধ্যে নৈতিক শিক্ষা ও ইসলামী আদর্শের চর্চা বৃদ্ধি করলে মাদক থেকে দূরে থাকা সহজ হবে। একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।