
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার সকালে তাঁর নিজস্ব বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে খুলনার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সফলতা কামনা করেন নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এ সময় আগত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনই তাঁর অঙ্গীকার। খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, কেডিএ চেয়ারম্যানের নেতৃত্বে খুলনার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করেন। তিনি মনার নেতৃত্বকে সৎ, দক্ষ ও জনবান্ধব হিসেবে উল্লেখ করেন এবং কেডিএ আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন খুলনা নৌ-পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গনি শেখ, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. ইয়াসিন মোল্লা, শেখ আব্দুল মজিদ, নাজমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।
আপনার মতামত লিখুন :