
আবারও আলোচনায় ঘানার বিতর্কিত আধ্যাত্মিক সাধক নানা কোয়াকু বনসাম। ‘উইচ ডাক্তার’ নামে পরিচিত এই ব্যক্তি এবার দাবি করেছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বনসাম দাবি করেন, আধ্যাত্মিক জগতে নাকি পর্তুগাল ইতোমধ্যেই বিশ্বকাপ জিতে গেছে। তার ভাষ্য, এই বিশ্বকাপটি পর্তুগাল ও রোনালদোর জন্য নির্ধারিত। রোনালদো আত্মবিশ্বাসী থাকতে পারেন, কারণ তার সেরা মুহূর্ত সামনে অপেক্ষা করছে।
বনসামের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিশ্বাস ও আধ্যাত্মিক ধারণার ওপর ভিত্তি করে করা মন্তব্য।
এর আগে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার একটি ম্যাচের আগে আলোচনায় এসেছিলেন বনসাম। তখন তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর তিনি আধ্যাত্মিক প্রভাব বিস্তার করেছেন। তার দাবি ছিল, কীভাবে হ্যারি কেনকে থামাতে হবে, তা তিনি জানেন। ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং হ্যারি কেনও গোল করতে পারেননি।
তবে ম্যাচের পর বনসাম জানান, হ্যারি কেন তার কোনো শত্রু নন। বরং তিনি মজা করে বলেন, তার একটি সন্তানের নাম শিগগিরই হ্যারি কেনের নামে রাখবেন। নানা কোয়াকু বনসাম ঘানার একজন পরিচিত কিন্তু বিতর্কিত ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি নিজেকে আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও ভেষজ চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তার দাবি, আধ্যাত্মিক নির্দেশনা ও ঐতিহ্যবাহী চিকিৎসার মাধ্যমে তিনি মানুষকে সহায়তা করেন।
এর আগেও ২০১৪ সালের বিশ্বকাপের সময় আলোচনায় এসেছিলেন বনসাম। সে সময় তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর চোটের পেছনে তার আধ্যাত্মিক ভূমিকা ছিল এবং তিনি রোনালদোকে মাঠের বাইরে রাখতে চেয়েছিলেন।
যদিও বনসামের এমন বক্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়, তার দাবিগুলোর পক্ষে কোনো বৈজ্ঞানিক বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বিশ্বকাপের ফলাফল নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্স, কৌশল ও খেলোয়াড়দের সামর্থ্যের ওপর।
আপনার মতামত লিখুন :