
জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় প্রশ্নোত্তর পর্বে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। দেশটির সংবাদমাধ্যম সিভিল জর্জিয়া এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সংসদ অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে।
এ বক্তব্যের পর ক্ষমতাসীন দলের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানান। শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা, যা কয়েক মুহূর্তের মধ্যেই ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ইরাকলি খেলাদজে এবং বিরোধী দলের গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষের আরও কয়েকজন সদস্য এতে জড়িয়ে পড়েন। সংসদ কক্ষজুড়ে মারামারি, ধাক্কাধাক্কি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদের নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন। তারা বিরোধী দলের কয়েকজন সদস্যকে সংসদ কক্ষ থেকে বের করে দেন। এ সময় সংসদের সরাসরি সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সংঘর্ষ চলাকালে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ আসনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঘটনার পর সংসদ ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়। সংঘর্ষে আহত কয়েকজন সংসদ সদস্য ও কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আহতের সংখ্যা বা কারও অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সংসদের শেষ অধিবেশনে এমন সহিংস ঘটনার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকার কিংবা বিরোধী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
আপনার মতামত লিখুন :