মানিকগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত


মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

মানিকগঞ্জ, ২৬ জুন ২০২৬: “এসো মাদক পরিহার করি, দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে নানা কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা “মাদককে না বলুন” স্লোগান ধারণ করে অংশগ্রহণ করেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সারওয়ার আলম, বিপিএম এবং সিভিল সার্জন আইভী ফেরদৌস।

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহারের ফলে সমাজ, পরিবার এবং ব্যক্তিজীবনে সৃষ্ট শারীরিক ও মানসিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মাদক পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।