
দেশের বাজারে আমদানিকৃত স্মার্টফোনের দাম আগামী ১ জুলাই থেকে বাড়তে পারে। মোবাইল ফোন আমদানিতে সরকারের দেওয়া সাময়িক শুল্ক-সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। নতুন করে এ সুবিধা না বাড়ালে আমদানি পর্যায়ে করভার বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরের জানুয়ারিতে সরকার সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে। এর ফলে ভ্যাট, অগ্রিম আয়কর (এআইটি) ও অন্যান্য করসহ মোট করভার কমে দাঁড়ায় ৪৩ দশমিক ৪৩ শতাংশে। তবে এই সুবিধা ৩০ জুন পর্যন্ত কার্যকর রয়েছে।
মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) দাবি, শুল্ক-সুবিধার মেয়াদ আর না বাড়ালে আমদানিকৃত মোবাইল ফোনের মোট করভার বেড়ে ৬৪ দশমিক ২৫ শতাংশে পৌঁছাতে পারে। এতে বাজারে আমদানি করা স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, কর বাড়ার অতিরিক্ত চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে। ফলে নতুন স্মার্টফোন কিনতে গ্রাহকদের আগের তুলনায় কয়েক হাজার টাকা বেশি খরচ করতে হতে পারে।
এদিকে শুল্ক-সুবিধার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে চিঠি দিয়েছে এমআইওবি। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি।
সংশ্লিষ্টদের মতে, আগামী কয়েক দিনের সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের আমদানিকৃত স্মার্টফোনের বাজার পরিস্থিতি। শুল্ক-সুবিধা বহাল না থাকলে ১ জুলাই থেকেই মোবাইল ফোনের দামে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
আপনার মতামত লিখুন :