
কয়েক দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম এক লাফে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
শনিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ দফা দাম বৃদ্ধি, ৪০ দফা দাম হ্রাস এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে ঘন ঘন এ মূল্য সমন্বয় করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :