
দৈনন্দিন জীবনে চা অনেকেরই অভ্যাসের অংশ। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে অফিসের ব্যস্ততা কিংবা আড্ডা—এক কাপ চা যেন নিত্যসঙ্গী। তবে টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই।
বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত চা পান করেন, তারা চা বন্ধ করলে প্রথম এক থেকে দুই সপ্তাহ কিছুটা শারীরিক ও মানসিক অস্বস্তি অনুভব করতে পারেন। এ সময় মাথাব্যথা, ক্লান্তি, বিরক্তিভাব, মনোযোগে ঘাটতি এবং চা খাওয়ার তীব্র ইচ্ছা দেখা দিতে পারে। তবে এসব উপসর্গ সাধারণত সাময়িক এবং ধীরে ধীরে কমে যায়।
তৃতীয় ও চতুর্থ সপ্তাহে শরীর ক্যাফিন ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করতে অভ্যস্ত হয়ে ওঠে। অনেকেই এ সময় শক্তির মাত্রা তুলনামূলক স্থিতিশীল অনুভব করেন এবং চা খাওয়ার আকাঙ্ক্ষাও কমে আসে। ক্যাফিনজনিত শক্তির ওঠানামাও অনেকটা নিয়ন্ত্রণে আসে।
বিশেষজ্ঞরা আরও জানান, চায়ের ক্যাফিন অনেক সময় ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটায়। চা কমিয়ে দিলে বা বন্ধ করলে অনেকের ঘুমের মান উন্নত হয় এবং দ্রুত ঘুম আসার প্রবণতা বাড়ে। এর ফলে দিনের বেলায় মনোযোগ ও কর্মক্ষমতাও বাড়তে পারে।
যাদের খালি পেটে দুধ চা খাওয়ার অভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রে চা বন্ধ করার ফলে অম্বল, গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা কিছুটা কমে যেতে পারে বলে মনে করা হয়। তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।
টানা প্রায় তিন মাস বা ৯০ দিন চা না খেলে শরীর পুরোপুরি নতুন অভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে পারে। এ সময় অনেকেই জানান, ঘুমের উন্নতি, শক্তির স্থিতিশীলতা এবং ক্যাফিন নির্ভরতা কমে যাওয়ার মতো ইতিবাচক পরিবর্তন দেখা যায়। অতিরিক্ত ক্যাফিন গ্রহণ কমলে হৃদ্স্বাস্থ্যের জন্যও তা উপকারী হতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, চা সম্পূর্ণভাবে বাদ দেওয়া সবার জন্য প্রয়োজনীয় নয়। পরিমিত পরিমাণে চা পান অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যকর হতে পারে। সমস্যা তৈরি হয় তখনই, যখন অতিরিক্ত চা গ্রহণ দৈনন্দিন জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
সুস্থ জীবনযাপনের জন্য শুধু চা নিয়ন্ত্রণ নয়, বরং সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :