
প্রযুক্তির অগ্রগতিতে মানুষের জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় এবার এমন এক অভিনব প্রযুক্তি সামনে এসেছে, যা অনেকের কাছেই বিজ্ঞান কল্পকাহিনির মতো মনে হতে পারে। চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করেছে বিশেষ ধরনের রোবোটিক টয়লেট, যা প্রয়োজন হলে নিজেই ব্যবহারকারীর কাছে চলে যেতে পারে।
মূলত বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম মানুষ এবং দীর্ঘদিন অসুস্থতায় ভোগা রোগীদের কথা মাথায় রেখে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। বয়সজনিত দুর্বলতা বা শারীরিক সমস্যার কারণে অনেকের জন্য বাথরুমে যাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় অন্যের সাহায্যের প্রয়োজন হয়, যা ব্যবহারকারীর জন্য অস্বস্তিকরও হতে পারে। নতুন এই রোবোটিক টয়লেট সেই সমস্যার সমাধান দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রযুক্তিটি ব্যবহার করতে ব্যবহারকারী ভয়েস কমান্ড বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রোবটটিকে নিজের কাছে ডাকতে পারবেন। এতে উন্নত লিডার, লেজার ও আল্ট্রাসনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এসব সেন্সরের মাধ্যমে রোবটটি ঘরের ভেতরে নিরাপদে চলাচল করতে পারে এবং বিভিন্ন বাধা এড়িয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সক্ষম।
রোবোটিক টয়লেটটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্বয়ংক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা। ব্যবহার শেষে এটি নিজেই বর্জ্য সংগ্রহ করে বাড়ির নির্দিষ্ট টয়লেটে স্থানান্তর করতে পারে। ফলে ব্যবহারকারীকে বাড়তি কোনো ঝামেলায় পড়তে হয় না।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেও এতে রয়েছে আধুনিক ব্যবস্থা। উষ্ণ পানি দিয়ে স্বয়ংক্রিয় পরিষ্কার ব্যবস্থা এবং দুর্গন্ধ নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে এতে।
সম্প্রতি চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত প্রবীণদের সেবা ও সহায়তাবিষয়ক একটি প্রযুক্তি প্রদর্শনীতে এই রোবোটিক টয়লেট প্রদর্শন করা হয়। সেখানে প্রযুক্তিটি দর্শনার্থী ও বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মানুষের স্বাধীন জীবনযাপনে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে স্মার্ট হোম প্রযুক্তির বিকাশেও এটি নতুন সম্ভাবনা তৈরি করবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অত্যাধুনিক এই রোবোটিক টয়লেটটির দাম প্রায় ৪ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৯২ হাজার টাকার সমপরিমাণ। তবে চীনের বাইরে এটি কবে বাজারজাত করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
আপনার মতামত লিখুন :