
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে এ বৈঠককে দেখা হচ্ছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।
তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় চীনের প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন। এসব আলোচনা বাংলাদেশের জনগণের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। পরে স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
সরকারপ্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ২৪ জন। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ অনেকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি চীন সফর করেছিলেন।
এর আগে বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
আপনার মতামত লিখুন :