মেঘনার এক ইলিশ ১১ হাজার ৬০০ টাকা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
মেঘনার এক ইলিশ ১১ হাজার ৬০০ টাকা

ভোলার দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় ‘রাজা ইলিশ’। স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়েছে ১১ হাজার ৬০০ টাকায়।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট আড়তে মাছটি বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আলম ব্যাপারী।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে স্থানীয় জেলে রহমান মাঝি ৭-৮ জন মাঝিমাল্লা নিয়ে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরতে যান। নদীতে জাল ফেলার কয়েক ঘণ্টা পর জাল টেনে ট্রলারে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটিও তাদের জালে ধরা পড়ে।

পরে জেলেরা মাছটি বিক্রির জন্য স্থানীয় মাঝিরহাট আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। নিলামে কয়েকজন আড়তদার অংশ নিলেও শেষ পর্যন্ত সর্বোচ্চ ১১ হাজার ৬০০ টাকা দাম দিয়ে মাছটি কিনে নেন আলম ব্যাপারী।

মাছটির ক্রেতা মো. আলম বলেন, সাধারণত এত বড় আকৃতির নদীর ইলিশ খুব একটা দেখা যায় না। কৌতূহল থেকেই তিনি ২ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি কিনেছেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে এবং সেখানে ১৩ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে গত মার্চ ও এপ্রিল দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের সুফল এখন পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞার কারণে নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছের সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, বর্তমানে জেলেরা নদীতে গিয়ে বড় আকারের ইলিশ পাচ্ছেন। আগামীতে এর পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।