দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৭২ বাংলাদেশি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৭২ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সোয়া ৫টার দিকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে এ নিয়ে মোট এক হাজার ৫৪৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে।

এতে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির সহায়তায় দেশে ফেরা নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভন ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে তারা বিভিন্ন সময় সেখানে আটক হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বন্দিশালা থেকে মুক্তির পর তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে দেশে ফেরত আসা নাগরিকদের যাতায়াত খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সরকার জানিয়েছে, অনিয়মিতভাবে বিদেশে যাওয়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।