
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ ও মাজিহাট ক্যাম্প পুলিশের যৌথ অভিযানে একটি মামলার এজাহারনামীয় সন্দিগ্ধ আসামি মোঃ ছমির মালিথাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মিরপুর থানাধীন কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে একই দিন বেলা ১১টা ৩০ মিনিটে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় একটি প্রতিবেদনসহ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ছমির মালিথা (৩৪) ওই গ্রামের মৃত নাসের মালিথার ছেলে। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর গ্রামের স্থায়ী বাসিন্দা।
গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশ জানায়, ধৃত আসামি ও তার সহযোগীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তবে মামলার পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত অংশ যাচাই-বাছাই করা হচ্ছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য সংশ্লিষ্টদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
আপনার মতামত লিখুন :