
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। স্কুলের টিফিন বিরতিতে খাবার কিনতে বের হয়ে সংঘর্ষের মধ্যে পড়ে পিঠে গুলিবিদ্ধ হয় ইথান আহমেদ নামের ওই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দফায় দফায় সংঘর্ষের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, মানববন্ধন শেষে দুপুরে অস্ত্রধারীরা সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
সংঘর্ষের সময় স্কুলের টিফিন বিরতিতে বাইরে বের হয়েছিল শিক্ষার্থী ইথান আহমেদ। তখন গুলির আঘাতে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ইথানের মা সোনিয়া আক্তার বলেন, “আমার ছেলে টিফিন খেতে বের হয়েছিল। তখন তার পিঠে গুলি লাগে। সে কোনো ঝামেলার সঙ্গে জড়িত ছিল না। শুধু স্কুলে পড়তে গিয়েছিল।”
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও র্যাবের যৌথ অভিযান চলছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :