
দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে শাপলা তুলতে নেমে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাদুড়ী গ্রামের আকলিমা খাতুন (১৮), তার ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)। তাদের মধ্যে আকলিমা ও দুলালী সম্পর্কে ননদ-ভাবি এবং সুরভি তাদের পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আকলিমা খাতুন দুই ননদকে সঙ্গে নিয়ে কালসোনা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা নদীতে শাপলা তুলতে গেলে পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে ঘাট থেকে কিছুটা দূরে নদীর পানিতে তিনজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তিনজনের কেউই সাঁতার জানতেন না। একই পরিবারের তিন সদস্যের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :