
রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা করার ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ওই সভা থেকে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, মসজিদের ভেতরে দলীয় কার্যক্রম পরিচালনা করে মসজিদের আদব লঙ্ঘন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষ হওয়ার পর মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা শুরু করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভায় মনোহর বাদশা নামে এক ব্যক্তিকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল। এ সময় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই মসজিদের মতো ধর্মীয় স্থানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিতে অনেক সময় অন্য দলের সমালোচনা করা হয়, যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের বিষয় হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, চেয়ার-টেবিল বসিয়ে সভা করার কারণে মসজিদের পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হলে সেটি মসজিদের আদবের লঙ্ঘন হতে পারে।
তবে অভিযোগের বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, তারা সাধারণত মসজিদভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, তবে এভাবে দলীয় সভা করার উদ্দেশ্য ছিল না। তিনি জানান, মসজিদটি গ্রামের মধ্যে এবং বাড়ির সঙ্গে লাগোয়া হওয়ায় ওই সময় ব্যবহার করা হয়েছিল।
তিনি আরও বলেন, ইসলামের দৃষ্টিতে মসজিদ গুরুত্বপূর্ণ স্থান হলেও সামাজিকভাবে বিষয়টি মানুষ ভালোভাবে নেয়নি। এ নিয়ে সমালোচনা হয়েছে এবং ভবিষ্যতে এমন বিষয়ে আরও সতর্ক থাকা হবে।
আপনার মতামত লিখুন :