চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ইতোমধ্যে ১৮০ দিনের একটি কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় নতুন ব্যবসা প্রতিষ্ঠার অনুমোদন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে।

তারেক রহমান বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলমান রয়েছে। একই সঙ্গে মোংলায় দ্বিতীয় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এসব অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য আধুনিক অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত বস্ত্রশিল্প এবং ওষুধশিল্প খাতে বিনিয়োগের জন্য বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনা দেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নির্বিঘ্নে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সুযোগ এবং বিনিয়োগের আইনি সুরক্ষার বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হতে চীনা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশের আগামী অর্থনৈতিক সাফল্যের গল্পে অংশ নেওয়ার এখনই উপযুক্ত সময়। আমরা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, স্থিতিশীল ও লাভজনক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ বিনিয়োগ ফোরামে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকরা অংশ নেন।