
মাঠের লড়াইয়ের বাইরে এবার ফুটবল বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তুর্কি সমর্থক। ব্যতিক্রমী সাজসজ্জা ও অনন্য ফুটবলপ্রেমের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তুরস্কের সমর্থক নেচদেত ওলচেরমান, যিনি ‘উদি নেকো’ নামে পরিচিত।
গত ১৪ জুন কানাডার ভ্যাঙ্কুভারে তুরস্ক ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে তার অভিনব উপস্থিতি। মুখজুড়ে কালো রং, সাদা রঙে রাঙানো চুল ও দাড়ি এবং চোখে সাদা লেন্স—সব মিলিয়ে তাকে দেখে প্রথমে বিস্মিত হয়ে যান অনেক দর্শক। মুহূর্তের মধ্যেই তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পরে জানা যায়, তার এই সাজ কেবল আলোচনায় আসার জন্য নয়। হাঙ্গেরিয়ান গণমাধ্যম টেলেক্সের তথ্য অনুযায়ী, তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব বেসিকতাসের কালো-সাদা রঙের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই বিশেষ রূপ ধারণ করেছেন। একই সঙ্গে তার এই সাজ ‘ব্ল্যাক বুল’ বা কালো ষাঁড়ের প্রতীক, যা শক্তি, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রকাশ হিসেবে বিবেচিত।
দীর্ঘদিন ধরে তুরস্ক জাতীয় দল ও বেসিকতাস ক্লাবের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত নেচদেত ওলচেরমান। দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল ম্যাচে নিয়মিত তাকে গ্যালারিতে দেখা যায়। তার অসাধারণ সমর্থন ও ভালোবাসার কারণে বেসিকতাস ক্লাব থেকেও তিনি একাধিকবার সম্মাননা পেয়েছেন বলে জানা গেছে।
‘উদি নেকো’ নামটির পেছনেও রয়েছে সাংস্কৃতিক পরিচয়। ‘নেকো’ এসেছে তার নাম নেচদেতের সংক্ষিপ্ত রূপ থেকে। আর ‘উদি’ শব্দটি তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’-এর সঙ্গে সম্পর্কিত। ফুটবলের গ্যালারিতে পরিচিত মুখ হলেও পেশাগত জীবনে নেচদেত একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। এছাড়া অতীতে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে জানা গেছে।
তবে বিশ্বকাপে তুরস্কের পারফরম্যান্স এখন পর্যন্ত হতাশাজনক। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে এবং প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে দলটির বিদায় প্রায় নিশ্চিত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি এখন অনেকটাই নিয়মরক্ষার।
দলের ব্যর্থতার মধ্যেও বিশ্বকাপের গ্যালারিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘উদি নেকো’। তার ব্যতিক্রমী সাজ, দলের প্রতি ভালোবাসা ও অনন্য সমর্থন মুগ্ধ করেছে বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমীকে।
আপনার মতামত লিখুন :