আবাসিক হোটেলের দরজায় ধাক্কা দিয়ে মিলল বিবস্ত্র যুবক, অতঃপর…


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
আবাসিক হোটেলের দরজায় ধাক্কা দিয়ে মিলল বিবস্ত্র যুবক, অতঃপর…

রাজধানীর বংশালের একটি আবাসিক হোটেল থেকে মো. শামীম হাসনাত (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বংশালের সিদ্দিক বাজার এলাকার ‘ঢাকা প্যালেস’ আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম হাসনাত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার রাত থেকেই শামীমের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী সাহিদা বেগম কক্ষটি পরিষ্কার করতে গিয়ে দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে দরজা খুলে গেলে তিনি ভেতরে শামীমকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা বংশাল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ঈদুল ফিতরের পর থেকেই শামীম হাসনাত ওই কক্ষটি ভাড়া নিয়ে সেখানে থাকতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম হাসনাত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে তিনি নিজ বাসায় না থেকে ওই আবাসিক হোটেলে অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের অবস্থান, পারিপার্শ্বিক আলামত ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।