
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহৃত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের বহুল আলোচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।
মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার করা হয় হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’।
বিষয়টি সম্পর্কে জানতে পেরে হাবিব ওয়াহিদ জানান, সকালে ঘুম থেকে উঠে মোবাইলে পরিচিতজনদের পাঠানো কয়েকটি লিংক দেখতে পান। পরে কৌতূহলবশত ভিডিওটি চালিয়ে দেখেন এবং সেখানে নিজের গান শুনে বিস্মিত হন।
হাবিব বলেন, “তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে, এটি আমার জন্য আনন্দের এবং সম্মানের বিষয়। দুই দেশের সম্পর্কের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সফরের ভিডিওতে আমার গান স্থান পাওয়ায় আমি অনুপ্রাণিত বোধ করছি।”
তবে ভিডিওতে গানটি ব্যবহারের বিষয়ে আগে থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি বলেও জানান তিনি। হাবিবের ভাষ্য, “কেউ আমার সঙ্গে এ বিষয়ে কোনো কথাও বলেনি। ভিডিওটি দেখে আমিই প্রথম অবাক হয়েছি।”
ভিডিওতে কেন ‘মহাজাদু’ গানটি নির্বাচন করা হয়েছে, সে বিষয়ে নিজের কোনো ধারণা নেই বলেও উল্লেখ করেন এই সংগীতশিল্পী। তার মতে, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই হয়তো এটি ব্যবহার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও হাবিব জানান, তিনি নিজে ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। ফলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া সরাসরি দেখার সুযোগ হয়নি। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা শুনেছেন। হাবিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কখনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। তাই পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি চমকপ্রদ মনে হয়েছে।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার নতুন গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। বর্তমানে সেই কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
আপনার মতামত লিখুন :