সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কথিত হত্যা রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে তার দেহাবশেষ তোলার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের আদেশ প্রত্যাহার করে এ সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। জানা গেছে, সালমান শাহর মামা ও মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে আবেদন করে কবর থেকে দেহাবশেষ তোলার পূর্বের আদেশ বাতিলের অনুরোধ জানান। ওই আবেদনের শুনানি শেষে আদালত আগের আদেশ বাতিল করেন।

এর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করেন। তিনি সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান শাহর দেহাবশেষ উত্তোলন করে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি চান।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুনরায় দেহাবশেষ পরীক্ষা প্রয়োজন।

পরে ওই আবেদনের শুনানি শেষে গত ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন। তবে আদালতের এ আদেশের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় ১০ জুন। এরপর বিষয়টি নিয়ে বাদীপক্ষ আদালতে পুনর্বিবেচনার আবেদন করে। শুনানি শেষে আদালত আগের আদেশ পর্যালোচনা করে দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে। পরিবারের পক্ষ থেকে এটি হত্যা দাবি করা হলেও বিভিন্ন সময়ে তদন্তে ভিন্ন ভিন্ন মত উঠে আসে। নতুন করে দায়ের হওয়া মামলার তদন্তকে ঘিরে আবারও আলোচনায় আসে সালমান শাহর মৃত্যুর ঘটনা।