
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক তরুণী শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
নিহত সুরাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ঘোণাপাড়া এলাকার বাসিন্দা মাওলানা আরিফুল রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কক্সবাজারগামী ‘ইম্পেরিয়াল পরিবহন’ এবং চট্টগ্রামমুখী ‘পূরবী পরিবহন’-এর দুটি যাত্রীবাহী বাসের মধ্যে চুনতি বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে গুরুতর আহত সুরাইয়া জান্নাতসহ অন্যান্য আহত যাত্রীদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা সেন্টারে নেওয়া হয়।
লোহাগাড়া ট্রমা সেন্টারের মেডিকেল অফিসার ডা. সাইমুন সিরাজ জানান, সুরাইয়া জান্নাতকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :