পলাশে হাঁটু পানিতে বন্দি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল খামারি ও কর্মকর্তাদের দুর্ভোগ চরমে


পলাশ উপজেলা প্রতিনিধি, মোঃ কামরুজ্জামান প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
পলাশে হাঁটু পানিতে বন্দি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল খামারি ও কর্মকর্তাদের দুর্ভোগ চরমে

নরসিংদীর পলাশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পুরো হাসপাতাল চত্বরে জমে থাকছে হাঁটু সমান পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা উপজেলার হাজারো খামারি ও সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, একটু বৃষ্টি হলেই হাসপাতাল এলাকার চিত্র পাল্টে যায়। চারপাশের পানি এসে হাসপাতালের প্রধান প্রবেশপথসহ পুরো প্রাঙ্গণ তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি দীর্ঘদিন পর্যন্ত আটকে থাকে। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা গবাদিপশুর মালিক ও প্রান্তিক খামারিরা। অসুস্থ পশু নিয়ে হাঁটু পানি মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। অনেক সময় জরুরি সেবা নিতে এসেও দুর্ভোগের কারণে ফিরে যেতে হচ্ছে খামারিদের। এতে প্রাণিসম্পদ সেবার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এর স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মকর্তা, কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষকে।

এ বিষয়ে পলাশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা জানান, সামান্য বৃষ্টিতেই পুরো হাসপাতাল এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। এর ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং খামারিদের সেবা দিতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তিনি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগী খামারি ও স্থানীয় সচেতন মহলের দাবি, জনগুরুত্বপূর্ণ এ সমস্যার দ্রুত সমাধানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করতে হবে। তারা পলাশ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণকে জলাবদ্ধতামুক্ত করে স্বাভাবিক সেবার পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।