
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমাজসেবা অফিস দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ টিনশেড ভবনে পরিচালিত হয়ে আসছে। ভবনটির বেহাল অবস্থার কারণে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
জানা গেছে, ২০১০ সালে তৎকালীন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এই টিনশেড ভবনটি নির্মাণ করেন। এরপর থেকে ওই ভবনেই সমাজসেবা বিভাগের সব সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও সরকারি উদ্যোগে একটি পাকা নতুন ভবন নির্মাণের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, অফিস ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। টিনের ছাউনি ও ভবনের অন্যান্য অংশও জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে এবং ঝড়ো আবহাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি সীমিত জায়গার কারণে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজ পরিচালনাতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ বলেন, “নতুন ভবন নির্মাণের জন্য এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে এই জরাজীর্ণ টিনশেড ভবনেই সমাজসেবা বিভাগের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আশা করছি, সরকারি উদ্যোগে ভবন নির্মাণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল জানান, উপজেলা সমাজসেবা অফিসে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা সেবা নিতে আসেন। এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের জন্য নিরাপদ ও আধুনিক ভবন থাকা জরুরি। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
তাদের দাবি, কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরাইল উপজেলা সমাজসেবা অফিসের জন্য দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করা হোক।
আপনার মতামত লিখুন :