মানিকগঞ্জে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল।


মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, মোঃ আজহার হোসেন। প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল।

আওয়ামী লীগের নাশকতা ও তৎপরতা প্রতিহত করা এবং অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে হবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফ হোসেন ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দীপু, জিয়া উদ্দিন আহমেদ কবির, সদস্য সচিব মো. তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।