শিক্ষার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে: আক্তারুজ্জামান বাচ্চু


গফরগাঁও প্রতিনিধি, হানিফ খান  প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
শিক্ষার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে: আক্তারুজ্জামান বাচ্চু

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত শনিবার (২০ জুন) সকালে গফরগাঁওয়ের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার সাফল্য অনেকাংশে শিক্ষকদের পেশাদার আচরণের ওপর নির্ভরশীল। এ সময় তিনি শিক্ষকদের দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস. এম. মোমতাজ উদ্দিন।

গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকরা।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের করণীয়, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।