সুরের মায়ায় আজ বিশ্ব সংগীত দিবস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
সুরের মায়ায় আজ বিশ্ব সংগীত দিবস

গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের এক অনন্য ভাষা। সুখ, দুঃখ, আনন্দ কিংবা বেদনার প্রতিটি অনুভূতিই সুরের মাধ্যমে প্রকাশ পায়। এই সুরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব সংগীত দিবস।

বিশ্ব শান্তি, সম্প্রীতি ও ইতিবাচক চিন্তার বার্তা ছড়িয়ে দিতে এই দিবসটির সূচনা। সংগীত কোনো দেশ বা সীমারেখায় আবদ্ধ নয়, তাই একে সর্বজনীন ভাষা হিসেবেও বিবেচনা করা হয়।

বিশ্ব সংগীত দিবসের ইতিহাসের সূচনা ফ্রান্সে, ‘ফেট ডে লা মিউজিক’ নামের সংগীত উৎসব থেকে। ১৯৮১ সালে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী জ্যাক লাঙ এই উৎসবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন। পরবর্তীতে ১৯৮২ সালে এটি ‘বিশ্ব সংগীত দিবস’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। বাংলাদেশে ২০০৭ সাল থেকে দিবসটি উদ্‌যাপন শুরু হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১২০টি দেশের শত শত শহরে এটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আয়োজন করা হয় গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সংগীত আয়োজনের। শিল্পীরা সুরের মাধ্যমে ছড়িয়ে দেন ভালোবাসা, ঐক্য ও শান্তির বার্তা।

সংগীত মানুষের মনকে একসূত্রে গেঁথে রাখে। একটি গান যেমন আনন্দ দেয়, তেমনি কখনো দুঃখ ভুলিয়ে দেয় বা নতুন করে বাঁচার প্রেরণা জোগায়। তাই বিশ্ব সংগীত দিবসে সংগীতপ্রেমীদের প্রত্যাশা—জীবনের প্রতিটি দিনই হোক সুর আর গানের মায়ায় ভরা।