ছাতকে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


ছাতক প্রতিনিধি, ফজল উদ্দিন প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
ছাতকে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় কর্মসূচিটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান ও আতাউর রহমান এমরান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তারা সামাজিক মূল্যবোধ জাগ্রত করা এবং অপরাধ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ছাতক গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।