ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, রনি প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের কলেজ পরিদর্শক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর এস.এম. আরিফুর রহমান, কলেজের সাবেক গভর্নিং বডি সদস্য সৈয়দ সাইদুজ্জামান এবং গভর্নিং বডির এডহক কমিটির অভিভাবক সদস্য মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. হাদিউল ইসলাম। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস এম হুমায়ুন কবির সরকার।

আয়োজনে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, পরীক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়, এটি জীবনের গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার সঙ্গে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

সভাপতি বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ সবসময় মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।