সিলেটে র‌্যাব- এর অভিযানে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার


ছাতক প্রতিনিধি, ফজল উদ্দিন প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সিলেটে র‌্যাব- এর অভিযানে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সিলেট মহানগরীর খাদিমনগর এলাকা থেকে স্ত্রী হত্যা মামলার প্রধান ও পলাতক আসামি আমির আলী (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের সিপিএসসি’র একটি আভিযানিক দল এসএমপির এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিডি নং-৭৫৬, তারিখ ১৫ জুন ২০২৬-এর সূত্রে আলোচিত স্ত্রী হত্যা ঘটনার প্রধান ও পলাতক আসামি আমির আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমির আলী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা পূর্বপাড়া গ্রামের ছুরাব আলীর ছেলে। র‌্যাব জানায়, পারিবারিক কলহের জেরে আমির আলী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই আমির আলী আত্মগোপনে চলে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করতে থাকেন।

ঘটনার পর র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রধান আসামি দ্রুত গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে বলেও জানা গেছে।