
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ লেডিস ক্লাব প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে অতিথিরা নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত আবহাওয়া, বন্যা, খরা ও পরিবেশের ভারসাম্যহীনতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিকল্প নেই। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে গাছের ভূমিকা অপরিসীম। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তা নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও সাধারণ মানুষের অংশগ্রহণে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সবুজ ও পরিবেশবান্ধব ময়মনসিংহ গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে অতিথি, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ বৃক্ষরোপণে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :