
স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভী (নিয়ামত উল্লাহ ভুঁইয়া)। আত্মসমর্পণের পর তিনি জামিন আবেদন করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান ওই দিন রাতেই মিরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়।
জানা গেছে, ২০১০ সালে অভিনেতা জাহের আলভী ও আফরা ইভনাথ ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। এর আগে একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
আদালতে আজকের শুনানির পর জাহের আলভীর জামিন আবেদন নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। মামলার পরবর্তী কার্যক্রম ও আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
আপনার মতামত লিখুন :