
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন (মঙ্গলবার) রাতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার এসআই সুলতানা আহমেদ এবং সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন এসআই নাজমুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উথুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে এসআই সুলতানা আহমেদ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, তবে সামাজিক ও পারিবারিক সচেতনতা ছাড়া এটি নির্মূল করা সম্ভব নয়। তিনি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার বলেন, নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর ও মাদকমুক্ত উথুরা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান (সাইদ তালুকদার), ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য কালিমুল্লাহ আমিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মেম্বার এবং উথুরা ইউনিয়ন যুবদলের সভাপতি জুয়েল ফকির।
এছাড়া সভায় শাহ বসির আহমেদ কবির, কায়সার আহমেদ, হারুনুর রশিদ সরকার, মফিজুল ইসলাম সরকার, আব্দুল মান্নান, আব্দুল হামিদ, চামিয়াদি ওয়ার্ডের ইউপি সদস্য বাস বাছেদ পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বক্তারা মাদককে একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, যুবসমাজকে রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও সুন্দর উথুরা গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :