
২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজের চেনা জাদু দেখিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি। ম্যাচের ১৭ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পর পূর্ণ করেন হ্যাটট্রিক। মেসির এমন অসাধারণ নৈপুণ্যে উচ্ছ্বাসে মেতেছেন ঢাকাই বিনোদন জগতের তারকারাও।
বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেসি ও আর্জেন্টিনার জয়ে নিজেদের ভালোবাসা ও আবেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তারকারা। তাদের মধ্যে রয়েছেন পরীমণি, মেহজাবীন চৌধুরী, কেয়া পায়েল, তাসরীফ খানসহ অনেকেই।
ঢালিউড অভিনেত্রী পরীমণি খেলা দেখার একটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানান। পরে আর্জেন্টিনার জার্সি পরা ছেলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও আর্জেন্টিনার জয়ের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানান। আর্জেন্টিনার পতাকার প্রতীক দিয়ে তিনি লেখেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’
তরুণ অভিনেত্রী কেয়া পায়েল মেসির ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!’
অভিনেত্রী তানিয়া বৃষ্টিও মেসির দুর্দান্ত খেলায় মুগ্ধ হয়ে আর্জেন্টিনাকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’
সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি প্রকাশ করে নিজের উচ্ছ্বাস জানান। তিনি লেখেন, ‘সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা প্রজন্ম। কী অসাধারণ হ্যাটট্রিক মেসির!’
অভিনেতা খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মজার ছলে লেখেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’
অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির প্রশংসা করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’
অন্যদিকে ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনার জয়ে শুভকামনা জানিয়েছেন সংগীতশিল্পী পড়শী। ব্রাজিলের জার্সি পরা ছবি দিয়ে তিনি লেখেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’
মেসির দুর্দান্ত প্রত্যাবর্তনে শুধু ফুটবল মাঠেই নয়, বিশ্বজুড়ে ভক্তদের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনেও ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। আর্জেন্টিনার জয়ের আনন্দে মেতে উঠেছেন তারকা থেকে সাধারণ সমর্থকরাও।
আপনার মতামত লিখুন :