
দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালসী ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
বুধবার দুপুরে বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাহাদুরাবাদ–বালসী নৌপথ উত্তরাঞ্চলের লাখো মানুষের গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম হলেও স্থায়ী সেতুর অভাবে প্রতিদিনই সময়, অর্থ ও শ্রমের অপচয় হচ্ছে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন, “এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি স্থায়ী সেতু। সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।”
দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন বলেন, “বাহাদুরাবাদ–বালসী ঘাটে সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতেও গতি আসবে।”
স্থানীয়রা জানান, এই সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, ফলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :