বৃষ্টিতে ভেজার পর জ্বর, সর্দি-কাশি থেকে সুরক্ষায় করণীয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
বৃষ্টিতে ভেজার পর জ্বর, সর্দি-কাশি থেকে সুরক্ষায় করণীয়

চলছে আষাঢ় মাস। রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার মাঝেই বৃষ্টিতে ভেজার আনন্দে মেতে ওঠেন অনেকেই। গরমের পর বৃষ্টির ফোঁটা পড়তেই ভেজার ইচ্ছা জাগে শিশু থেকে শুরু করে বড়দের মধ্যেও। তবে এই আনন্দের মাঝেই অনেক সময় দেখা দেয় শারীরিক অসুস্থতা—জ্বর, সর্দি ও কাশি।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিতে ভিজলে সরাসরি জ্বর হয় না। বরং ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় শরীরের তাপমাত্রা হঠাৎ কমে গেলে রোগপ্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে বাতাসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই শরীরে সংক্রমণ ঘটিয়ে সর্দি-কাশি বা জ্বরের সৃষ্টি করতে পারে।

বিশেষ করে ভেজা কাপড় দীর্ঘ সময় শরীরে থাকলে বা দ্রুত না শুকালে শরীরের তাপমাত্রা আরও কমে যায়, যা অসুস্থতার ঝুঁকি বাড়ায়। হঠাৎ ঠান্ডা পানির সংস্পর্শে এলে শরীরের স্নায়ুতন্ত্রে পরিবর্তন ঘটে, ফলে শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যাহত হয় এবং জ্বর দেখা দিতে পারে।

এছাড়া বৃষ্টির সময় পরিবেশে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিস্তারও বাড়ে। দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার কারণে এসব জীবাণু সহজেই শ্বাসতন্ত্রে আক্রমণ করে সংক্রমণ ঘটাতে পারে।

এ অবস্থায় বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত ভেজা কাপড় বদলে শরীর মুছে শুকনো কাপড় পরার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পর্যাপ্ত পানি, ডাবের পানি ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার গ্রহণ শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিজনিত জ্বর সাধারণত গুরুতর নয়। সঠিক যত্ন, বিশ্রাম এবং পর্যাপ্ত তরল গ্রহণের মাধ্যমে এ ধরনের অসুস্থতা দ্রুত সেরে যায়।