কলমাকান্দায় পরিবেশ সচেতনতায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
কলমাকান্দায় পরিবেশ সচেতনতায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অন এনভায়রনমেন্টাল ইস্যুজ” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুট স্নাল এবং সঞ্চালনা করেন সূচনা রুরাম।

আলোচনা সভায় পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, বরং গণমাধ্যম, উন্নয়ন সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মহাদেও নদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বাবুল নাফাক, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তালুকদার, ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত মানখিন এবং প্রেসক্লাবের সেক্রেটারি মো. ওবায়দুল হক পাঠান প্রমুখ।

আলোচনায় পানি ও নদী দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি “পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পন্ন হয়।