কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার খবর, যা জানালেন অভিনেতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার খবর, যা জানালেন অভিনেতা

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে তার বড় ভক্তগোষ্ঠী। তবে কলকাতায় অবস্থানকালে তাকে ঘিরে একটি অপ্রীতিকর ঘটনার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।

মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পোস্টে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকায় মোশাররফ করিমকে ঘিরে একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে অভিনেতা নিজেই জানিয়েছেন, বিষয়টি নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে।

জাওয়াদ নির্ঝর তার পোস্টে লেখেন, কলকাতার কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাওয়ার সময় কিছু লোক মোশাররফ করিমকে নিয়ে মন্তব্য করেন এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেখানে থাকা কয়েকজন তাকে নিরাপদে সরিয়ে দেন বলেও দাবি করেন তিনি।

এই খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে মোশাররফ করিম জানিয়েছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় বিভিন্ন বিষয় রঙ চড়িয়ে প্রচার করা হয়। কিন্তু সংবাদ হিসেবে প্রকাশ করার মতো বড় কোনো ঘটনা সেখানে ঘটেনি। তিনি সবাইকে গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানান।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের দেশে ফেরার কথা রয়েছে।