
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে—এমন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের করা মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। খবরটি ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।
এই আলোচনার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এক শব্দ লেখেন—“মজা”। তার এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করতে শুরু করেন, বিভিন্ন ব্যবহারকারী নানা ধরনের ব্যাখ্যা ও অনুমান তুলে ধরেন।
একজন নেটিজেন মন্তব্য করেন, ২০২১ সালে একটি ঘটনার পর অভিনেত্রীর জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকেই হয়তো তিনি এমন প্রতিক্রিয়া দিয়েছেন। তবে এ বিষয়ে পরীমনি নিজে কোনো ব্যাখ্যা দেননি। এদিকে বিভিন্ন সূত্রের দাবি, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ত্যাগ করেন। এরপর থেকে তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গ্রেপ্তারের খবর প্রকাশের পর বিষয়টি আবারও আলোচনায় আসে।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং বিভিন্ন বিতর্কের মধ্যেই তার নাম অতীতে আন্তর্জাতিক আলোচনায় উঠে আসে, যখন যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে তার গ্রেপ্তারকে ঘিরে দেশ-বিদেশে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :