দীর্ঘ প্রতীক্ষার অবসান: শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিট চালু


শেরপুর জেলা প্রতিনিধি, রাসেল  প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
দীর্ঘ প্রতীক্ষার অবসান: শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিট চালু

দীর্ঘ প্রায় পাঁচ বছরের অচলাবস্থার পর অবশেষে চালু করা হয়েছে শেরপুর জেলা সদর হাসপাতাল-এর আইসিইউ ইউনিট। এ ইউনিট চালুর মধ্য দিয়ে জেলার স্বাস্থ্যসেবায় নতুন এক অগ্রগতি যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ৭ জুন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জাতীয় সংসদে শেরপুর জেলার স্বাস্থ্যসেবার দুরবস্থা ও আইসিইউ ইউনিটের অচলাবস্থা তুলে ধরে বক্তব্য দেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

পরবর্তীতে ১৪ জুন দেশের আরও নয়টি হাসপাতালের সঙ্গে ভার্চুয়ালি আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। একই দিনে বিকেলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ১০ শয্যার আইসিইউ ইউনিটটি চালু করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ শাহিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাব-এর সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালে করোনা মহামারির সময় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের নবম তলায় আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। তবে লোকবল সংকটসহ নানা কারণে এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।

এ বিষয়ে এমপি সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়টি তিনি সংসদে প্রথম অধিবেশনেই তুলে ধরেন এবং লিখিত আবেদন করার পর মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যেই আইসিইউ ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, হাসপাতালের অন্যান্য সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এদিকে আইসিইউ ইউনিট চালু হওয়ায় জেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।