যে মানসিক অনুশীলনে মাত্র দুই মিনিটেই বদলাতে পারে মস্তিষ্ক!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
যে মানসিক অনুশীলনে মাত্র দুই মিনিটেই বদলাতে পারে মস্তিষ্ক!

মাত্র কয়েক মিনিট নীরবে বসে শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দিলেই মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন শুরু হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের দাবি, ধ্যান শুরু করার মাত্র দুই মিনিটের মধ্যেই মস্তিষ্কের কার্যক্রমে পরিবর্তনের লক্ষণ দেখা যায় এবং প্রায় সাত মিনিটের মাথায় এর প্রভাব সবচেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে।

গবেষণাটি পরিচালনা করেছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ড. বলাচুন্ধর সুব্রামানিয়াম ও তার সহকর্মীরা। তাদের মতে, ধ্যানের প্রথম কয়েক মিনিটেই মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেইন ওয়েভে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়, যা প্রায় ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে।

গবেষণায় ১০৩ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীর মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) পরীক্ষার মাধ্যমে তাদের মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীদের শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে বলা হয়েছিল, যা মনোসংযোগভিত্তিক ধ্যানের একটি পরিচিত পদ্ধতি।

ফলাফলে দেখা যায়, ধ্যানের কয়েক মিনিটের মধ্যেই আলফা, থিটা, বেটা-১ এবং থিটা-আলফা ধরনের তরঙ্গের কার্যক্রম বৃদ্ধি পায়। এসব তরঙ্গ সাধারণত মানসিক প্রশান্তি, মনোযোগ ও সচেতনতার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে ডেলটা ও গামা-১ তরঙ্গের কার্যক্রম কমে যায়, যা ক্লান্তি, অস্থিরতা এবং মনোযোগ বিচ্যুতির সঙ্গে যুক্ত বলে বিবেচিত হয়।

গবেষকদের ভাষ্য, এই পরিবর্তনগুলো মস্তিষ্ককে ধীরে ধীরে একটি “প্রশান্ত সজাগতা” অবস্থায় নিয়ে যায়। অর্থাৎ ব্যক্তি একই সঙ্গে শান্ত ও মনোযোগী থাকতে পারেন। গবেষণায় আরও দেখা গেছে, যারা দীর্ঘদিন ধরে ধ্যানের অভ্যাস করেন, তাদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো আরও স্পষ্ট ও শক্তিশালীভাবে প্রকাশ পায়।

বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই সময়ের অভাব বা মনোযোগ ধরে রাখতে না পারার ভয়ে ধ্যান শুরু করতে আগ্রহী হন না। তবে নতুন এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে মাত্র কয়েক মিনিটের সচেতন শ্বাস-প্রশ্বাসের অনুশীলনও মানসিক প্রশান্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, একবার ধ্যান করলেই বড় ধরনের স্বাস্থ্যগত পরিবর্তন ঘটে যাবে—এমন ধারণা সঠিক নয়। বরং নিয়মিত অনুশীলনের মাধ্যমে দীর্ঘমেয়াদে এর সুফল আরও গভীর ও কার্যকর হতে পারে।