
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের চর ব্রিজের উত্তর পাশে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে শত শত বিঘা ফসলি জমি, বসতভিটা, ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থান বিলীন হয়ে যাচ্ছে। এতে প্রায় ২৫টি পরিবার চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়দের অভিযোগ, নদীভাঙনে বসতভিটা হারিয়ে অনেকেই নতুন করে জমি কিনলেও ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় মাটি পাচ্ছেন না। সরকারি নদী খননের মাটি দেওয়া হচ্ছে না এবং নদী থেকেও মাটি কাটার অনুমতি না থাকায় তারা চরম বিপাকে পড়েছেন। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এতে তাদের জীবনযাত্রা আরও অনিশ্চিত হয়ে পড়ছে। তারা বলেন, সম্প্রতি এক স্বজনের মৃত্যু হলে নদীর পাড়ে দাফন করা হয়েছিল, কিন্তু সেই কবরও এখন নদীতে হারিয়ে গেছে।
আরেক ভুক্তভোগী জানান, তাদের এলাকার মসজিদও নদীগর্ভে বিলীন হওয়ার পথে। নতুন জমি কিনলেও ঘর নির্মাণের জন্য মাটি না পাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্তদের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত তাদের জন্য বসতভিটা নির্মাণের উপযোগী মাটির ব্যবস্থা করা হোক এবং নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সঙ্গে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আপনার মতামত লিখুন :