হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের অভিনয়শিল্পী আসমা ঝিলিকের (নামটি আসমা ঝিলিক) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে নিহতের পরিবার। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করতেন। তিনি শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমায়ও অভিনয় করেছিলেন বলে জানা যায়।

পরিবারের অভিযোগ অনুযায়ী, হাসপাতালের অষ্টম তলা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিহতের বোন রেশমি আক্তার লোপা জানান, ঘটনার কিছুক্ষণ আগেও ভিডিওকলে স্বাভাবিকভাবে কথা হয় তাদের। পরে হঠাৎ করেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অন্যদিকে নিহতের ভাই মোজাম্মেল হক বলেন, চিকিৎসার জন্য আসমা ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী তাকে অষ্টম তলা থেকে নিচে ফেলে দেন বলে দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ আরও জানিয়েছে, নিহতের পরিবারের দায়ের করা মামলার পর অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গন ও স্থানীয় এলাকায় শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে।