শ্রীমঙ্গল ব্র্যাক উদ্যোগে মুরগি পালন প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল ব্র্যাক উদ্যোগে মুরগি পালন প্রশিক্ষণ ও বাচ্চা  বিতরণ

গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪৫ জন নারীকে মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) নর্থ-ইস্ট ডিভিশনের শ্রীমঙ্গল অঞ্চলের সাতটি শাখার উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক নারী সদস্যের মাঝে ১০টি করে মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, একটি মুরগি বছরে গড়ে ২০০ থেকে ২২০টি ডিম দিতে সক্ষম। এর মাধ্যমে পরিবারগুলোর পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

প্রশিক্ষণে মুরগির খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা, খামার পরিচালনা এবং লাভজনকভাবে মুরগি পালনের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নিয়মিত তদারকি ও অগ্রগতি মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, মুরগি পালন তাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে। পাশাপাশি অতিরিক্ত আয় করে সংসারের ব্যয়ভার বহনে অবদান রাখতে পারবেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ বদরুল আলম, ডিএসএস মো. সামিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইউনুছসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবেন।