সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ পুনরায় কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আদালতের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন নায়কের মা নীলা চৌধুরী। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন। নীলা চৌধুরী বলেন, দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করা হয়েছিল, সেখানে চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে মরদেহ পরীক্ষা করা হয়। তখন বলা হয়েছিল মরদেহের অবস্থা স্বাভাবিক ছিল। অথচ এখন বলা হচ্ছে মরদেহে পচন ধরেছিল। এসব পরস্পরবিরোধী তথ্য নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, শুরু থেকেই তদন্ত কার্যক্রমে নানা ধরনের অসঙ্গতি ছিল। প্রথমে পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তিনি। পরে মামলাটি অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হলেও দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

সালমান শাহর মা বলেন, এর আগে দুইবার মরদেহ উত্তোলন করা হয়েছে। দ্বিতীয়বারের পরীক্ষায় প্রয়োজনীয় সব বিষয় পরিষ্কার হয়েছিল। তাই আবারও একই প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত তার কাছে অযৌক্তিক বলে মনে হচ্ছে।

তিনি আরও দাবি করেন, তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কিছু চিকিৎসক বিভিন্ন সময়ে চাপের মুখে দায়িত্ব পালন করেছেন। তবে আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি আইনগতভাবেই পরবর্তী কার্যক্রম মোকাবিলা করবেন বলে জানান।

নীলা চৌধুরী বলেন, আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটি বাস্তবায়ন হবে। এখন পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় কী আসে, সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় সালমান শাহকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করা হলেও পরবর্তীতে সেটি হত্যা মামলায় রূপ নেয়। দীর্ঘ প্রায় তিন দশক ধরে এই মৃত্যু রহস্য এবং বিচার দাবির বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।