কৈতক হাসপাতালের জায়গা রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ সভা


ছাতক প্রতিনিধি, ফজল উদ্দিন প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
কৈতক হাসপাতালের জায়গা রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতালের জমি দখলের চেষ্টার প্রতিবাদ এবং স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা কথিত হয়রানিমূলক চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে কৈতক হাসপাতাল প্রাঙ্গণের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, সরকারি হাসপাতালের জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা দাবি করেন, জনস্বার্থে হাসপাতালের জমি রক্ষার আন্দোলনে যুক্ত ব্যক্তিদের হয়রানি করতেই এসব মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানি বন্ধের দাবি জানান।

সভায় বক্তারা আরও বলেন, সরকারি সম্পদ ও স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান রক্ষায় স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। হাসপাতালের জমি দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। একই সঙ্গে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, রুহুল আমিন তালুকদার, কয়েছ মিয়া, আবু বক্কর সিদ্দিক, আব্দুল খালিক, অ্যাডভোকেট শাহাব উদ্দিন, অ্যাডভোকেট কবির উদ্দিন সাজুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভা শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের জমি রক্ষা এবং দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।