কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ জন সুফলভোগীর মাঝে বিশেষ অনুদান হিসেবে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকারের সভাপতিত্বে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক সুফলভোগীকে দুইটি টিন, চারটি সিমেন্টের খুঁটি এবং পাঁচ পিস ফ্লোরম্যাট প্রদান করা হয়। এর আগে একই প্রকল্পের আওতায় তারা দুটি করে ছাগলও পেয়েছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফুল কবীর, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মাঠকর্মী অচিন্ত হাজং, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীরা।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলছে। প্রাণিসম্পদভিত্তিক আয়বর্ধক কার্যক্রমের পাশাপাশি গৃহনির্মাণ উপকরণ তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার জানান, এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেছেন, বিতরণকৃত ছাগল ও গৃহনির্মাণ উপকরণ সুফলভোগীদের আয়বর্ধক কার্যক্রম এবং জীবনমান উন্নয়নে সহায়তা করবে।