মৃত্যুর ৩০ মিনিট আগে সালমান শাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যে ৪ ব্যক্তি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
মৃত্যুর ৩০ মিনিট আগে সালমান শাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যে ৪ ব্যক্তি

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাসায় মারা যান। তার মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও এ ঘটনা ঘিরে এখনো রহস্য ও নানা বিতর্ক বিদ্যমান রয়েছে। সম্প্রতি আদালতের নতুন আদেশে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে নিলুফা জামান চৌধুরী নীলা চৌধুরী, তার বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং ছোট ছেলে শাহরান শাহসহ নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজা (১১/বি) বাসায় সালমান শাহকে দেখতে যান। তখন তার স্ত্রী সামীরা হক ও বাসার কর্মচারী আবুল জানান, তিনি ঘুমিয়ে আছেন। এরপর তারা নিজ নিজ বাসায় ফিরে যান।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ফোন করে জানানো হয়, সালমান শাহর কিছু একটা হয়েছে, দ্রুত বাসায় আসতে বলা হয়। তারা দ্রুত সেখানে গিয়ে দেখেন, শয়নকক্ষে খাটের ওপর তিনি নিথর অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে তার মরদেহ সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। ওই সময় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল।

তবে দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যু নিয়ে আত্মহত্যা নাকি হত্যা—এ প্রশ্নে বিতর্ক থামেনি। বিভিন্ন সময়ে বিষয়টি পুনরায় তদন্তের দাবি ওঠে।

সাম্প্রতিক আদালতের আদেশে বলা হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। আদালতের এই সিদ্ধান্তে দীর্ঘদিনের অমীমাংসিত রহস্য নতুন করে আলোচনায় এসেছে।