
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দেশীয় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এটি উপজেলা এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়।
কর্মসূচিটি আয়োজন করে আইসিডিপি কারিতাস ময়মনসিংহ অঞ্চল। মঙ্গলবার দিনব্যাপী এ কার্যক্রমে র্যালি, আলোচনা সভা, চারা বিতরণ এবং বৃক্ষরোপণ অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রোগ্রাম অফিসার মি. বুলবুল মানখিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিকাইল ইসলাম।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বরুয়াকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মি. নিশিকান্ত জাম্বিল, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মি. মুকুট স্নাল, নলছাপ্রা ও বালুচড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ, বালুচড়া মিশনের জেনারেল সেক্রেটারি মি. বিনয় রংদী, এবং আলোক কোর ২ প্রকল্পের কর্মকর্তা মিস. এনা নকরেক ও মিসেস সূচনা রুরাম। এছাড়া গোলাপি চিসিক, সুস্ময় নকরেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় গাছ রোপণ অপরিহার্য। বিলুপ্তপ্রায় দেশীয় গাছ সংরক্ষণে শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।
প্রধান অতিথি জনাব মিকাইল ইসলাম বলেন, “পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। এ ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং পরিবেশ সচেতনতা বাড়াবে।” সভাপতির বক্তব্যে মি. বুলবুল মানখিন বলেন, “কারিতাস সবসময় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির দেশীয় চারা বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে সরাসরি বৃক্ষরোপণ করেন। কর্মসূচি স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই বৃক্ষরোপণের প্রেরণা জাগিয়েছে।
আপনার মতামত লিখুন :